বৃষ্টি নামুক - শাঁওলি দে

বৃষ্টি নামুক – শাঁওলি দে

EKTUKROAKASH.IN ওয়েবসাইটে বৃষ্টি নামুক – শাঁওলি দে রচিত অণুগল্পটি পাঠকদের জন্য নিম্নে প্রদান করা হলো – 

বৃষ্টি নামুক – শাঁওলি দে : 

কি অসহ্য গরম পড়েছে আজকে! ঘেমে নেয়ে এক্‍সা। আজও কাজে বেরুতে হবে উপায় নেই।এ এক এমন চাকরি! একদিনও ছুটি নেই। ২৪×৭ শুধু দৌড়…এতটুকু থামবার উপায় নেই। থামলেই থমকে যাবে জীবন। তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র ছোট্ট ব্যাগটায় ভরে নিল সন্তু। ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে,তার মানে লাইনে ঢুকছে গাড়ি, এখনই শুরু হবে সন্তুর আসল কাজ! হুড়মুড় করে স্টেশনের দিকে ছুটল সন্তু। সবার আগে পৌঁছাতে হবে যেমন করেই হোক।

ওই তো সিগনাল দিয়েছে, দূরে ট্রেনের মাথা দেখা যাচ্ছে…
স্টেশনের টয়লেটে ঢুকে সেজে নিল সন্তু এক্সপার্ট হাতে। এবার শুধু কাজে নেমে পড়া। টয়লেট থেকে বেরিয়েই প্রতিদিনের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল ও। ট্রেন ঢুকছে প্লাটফর্ম এ। যাওয়া আসার মানুষগুলোকে দুচোখ ভরে দেখছে সন্তু। কিন্তু সন্তুর দিকে কেউ ফিরে তাকাচ্ছেই না। কোনো কোনো দিন অবশ্য এরকম হয়, একবুক শূন্যতা নিয়ে ঘরে ফেরে সন্তু। আজও হয়ত তেমনি! মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের করে ও। দুচার জন তাচ্ছিল্য ভরে দেখে ওকে; কেউ ছুঁড়ে দেয় অবজ্ঞা কেউ বা দুচারটে খুচরো পয়সা।

হতাশ হয় সন্তু। অসহ্য লাগে এই সব ব্যান্ডেজ বেঁধে রোজকার পঙ্গু সেজে ভিক্ষাবৃত্তি। হঠাৎই সব কিছু টান দিয়ে খুলে ফেলতে শুরু করে সন্তু। লাল আলতার দাগগুলো মুছে ফেলতে চায়। আস্তে আস্তে ভিড় জমে যায় সন্তুর চারপাশে।গালিগালাজ দিতে শুরু করে সবাই। দুচোখ বেয়ে জল পড়তে থাকে ওর। এরপর কি করবে সন্তু জানে না। ও একটা তীব্র বৃষ্টির অপেক্ষা করে।করতেই থাকে . .

বৃষ্টি নামুক - শাঁওলি দে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top