সেই কোন কাল থেকে যে সমাজে নারীদের গুরুত্বহীন করে রাখা হয়েছে তার হিসেব নেই। প্রাক-বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত, নারীদের বঞ্চনা, লাঞ্ছনার শেষ নেই। ধরণ ধারণ বদলেছে, মূল বিষয় একই থেকে গেছে। অতি সম্প্রতি কলকাতার উপকন্ঠে ঘটে যাওয়া ঘটনাটির কথা মনে পড়লে আমাদের গা শিউরে ওঠে। এখন আমরা গর্জে উঠতে জানি, তবু কোথাও যেন আজও নারীদের প্রতিপদে প্রমাণ দিতে হয়, আমরা নারী, আমরা সব পারি, আমরাও পুরুষদের থেকে কোনো অংশে কম নই। আজও গ্রামেগঞ্জে, শহরের আনাচে কানাচে কত নির্যাতনের গল্প হারিয়ে যায়। কত কাহিনি স্থান পায় খবরের কাগজে কিম্বা টিভির পর্দায়! কত কিছু তো বদলে গেল, শুধু বহু যুগ থেকে চলে আসা এই রীতি এখনও বদলালো না।

নারীদের এই অবস্থা একদিনে তৈরি হয়নি। অনেক অনেক দিন থেকে গড়ে ওঠা কিছু ভ্রান্ত ও একপেশে ধারণা লালিত হতে হতে কখন যেন তা অনমনীয় পাথরে পরিণত হয়েছে। এখন তা ভাঙতে গেলে কষ্ট তো হবেই।

পুরাণের ছত্রে ছত্রে আছে নারীবিদ্বেষের কথা। তিনজন পুরুষ খোলাখুলিভাবে নারী বিদ্বেষী ও অযৌক্তিকভাবে নারীর বিরুদ্ধে কথা বলেছেন। তাঁরা হলেন, ধর্মাবতার আজীবন কুমার নারী সংস্রবহীন তপস্বী ভীষ্ম, ধর্মে ও সত্যবাদীতায় অবিচল যুধিষ্ঠির, যিনি নিজের স্ত্রীকে পাশা খেলায় মুক্তি পণ রেখেছিলেন আর তৃতীয়জন হলেন প্রচন্ড নারী বিদ্বেষী মুনি মনু ঋষি।

পুরাণের নারীরা আদতে ছিলেন দয়াবতী, সৎ, অত্যন্ত সহজ সরল। তবে তাঁরা ছিলেন মানসিক দিক দিয়ে দূর্বল, প্রতিবাদহীন।

পুরাণ ও মহাকাব্যে অসংখ্য নারীদের জীবন পর্যলোচনা করলে দেখা যায়, চরিত্রের দিক দিয়ে এদের ছিল প্রান্তিক অবস্থা। একদিকে যেমন কিছু নারী দূর্বল, সহজ সরল, অন্যদিকে কিছু নারী ছিলেন দাপুটে, কৌশলী, হিংসুটে, ষড়যন্ত্রকারী, অন্যের ক্ষতিকারক, ক্ষমতালোভী ও পরশ্রীকাতর।

নারীদের মধ্যে যাঁরা ভালো তাঁরা সবদিক দিয়েও ভালো, আর যাঁরা খারাপ সবদিক দিয়েই খারাপ। সীতা, সাবিত্রী, অরুন্ধতী এরা যেমন ভালো নারীদের দলে পড়ে, তেমনি চালাক, মন্দ, কুটিল, নারীদের মধ্যে মন্থরা, কুন্তী, সূপর্ণখা এরা উল্লেখযোগ্য।

আবার পুরাণ ও মহাকাব্যে কিছু ব্যতিক্রমন চরিত্রেরও দেখা মেনে- এরা হলেন রাবণের অনুচর ত্রিজাতা। এটি রামায়ণের চরিত্র। সীতার পাহাড়ায় ছিলেন ইনি, অথচ সীতার সঙ্গে শত্রুতার বদলে বন্ধুত্ব করে ফেলেন। সীতা ও ত্রিজাতার সম্পর্ক থেকেই পরবর্তীকালে Sisterly love এই ধারনা গড়ে ওঠে। এছাড়াও কুন্তী ও গান্ধারী (দুই জা), দ্রৌপদী ও সুভদ্রা (দুই সতীন), সীতা ও মন্দোদরী (দুই শত্রুর স্ত্রী) এদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, যা বেশ আশ্চর্যের।

মহাভারতের আলোচনায় দ্রৌপদীর পাঁচটি বিয়ে নিয়ে বারবার কটাক্ষ করা হয়েছে। এই যুগে মায়েদের উচ্চ ও গুরুত্বপূর্ণ স্থান ছিল। মায়ের প্রতি ভক্তি থাকা স্বত্ত্বেও বারবার নারীদের বুদ্ধি বিবেচনার প্রতি প্রশ্ন উঠেছে।

এরা ছিলেন ধর্ম সম্পর্কে সচেতন। যদিও যৌনতার ব্যাপারে রক্ষণশীল ছিল না তবু নারীদের কৌমার্য ও সতীত্বকে বড় করে দেখা হত। কুন্তী, সত্যবতী, শক্তিশালী ও সাহসী হওয়া স্বত্ত্বেও বিয়ের আগের ধারণ করা সন্তানকে লুকানোর ব্যাপারে কৌশলী ছিলেন। দেবতার দাক্ষিণ্যে তাঁরা আবার কুমারী সেজে বিয়ে করেছিলেন। সত্যবতী তাঁর জারজ সন্তান ব্যাসদেবকে পরিত্যাগ করেন, কুন্তী পরিত্যাগ করেন কর্ণকে।

দ্রৌপদীর মতো নারীকেও এক স্বামীর থেকে অন্য স্বামীর কাছে যাওয়ার আগে প্রতিবার আগুনের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে নিজের সতীত্ব আর পবিত্রতা প্রমান করতে হত। সীতার অগ্নিপরীক্ষার কথা তো সকলেই জানে।

বিবাহ বহির্ভূত যৌন মিলন, বিয়ের বাইরেও অন্য সম্পর্ক, বিয়ে এসব আকছার ঘটত।

সহমরণ ও সতীদাহপ্রথা ছিল কিন্তু এর প্রচলন বা কার্যকারীতা ছিল না। পান্ডু মারা গেলে মাদ্রী সহমরণে যান, কুন্তী যান না। ইন্দ্রজিৎ মারা গেলে প্রমীলা সহমরণে যান, অথচ রাবন মারা গেলে মন্দোদরী যান না, রামের আদেশে রাবনের ভাই বিভীষণকে বিয়ে করেন।

এইসময় নারীদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার শক্তি বা ক্ষমতা ছিল না। পুরুষ বা দেবতার থেকে শক্তি ধার করে তাঁরা শক্তিময়ী হয়ে উঠত। বেশিরভাগ সময়ই দেখা গেছে পুরুষরাই নারীদের বর কিম্বা অভিশাপ দিত, উল্টোটা হত না।

মুনি, ঋষি ও দেবতারা সবসময় কামার্ত থাকতেন। নারীকে দেখামাত্র তাঁদের ধ্যানভঙ্গ হয়ে যেত। নারীদের যৌন মিলনে ইচ্ছে অনিচ্ছের কোনো বিষয় ছিল না। কেউ কেউ অবশ্য অভিশাপের ভয়েই রাজী হতেন। কেউ আবার স্বইচ্ছায়, যেমন অহল্যা। অবশ্য অহল্যা স্বইচ্ছেয় গিয়েছিলেন নাকি ইন্দ্রের জালে বশবর্তী হয়ে তা নিয়ে বিতর্ক চলছেই।

দানব জলধরের গল্প তো অনেকেরই জানা। তিনি যে কোনো নারীর স্বামীর রূপ ধরে সেই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারতেন। সেইসঙ্গে জলধর ছিল অবধ্যও, কারণ তাঁর স্ত্রী বৃন্দা ছিলেন স্বামীর প্রতি চরম অনুগত, যেহেতু সেই যুগে মানা হত সতীর পূণ্যে পতির পূণ্য তাই জলধরকে বধ করা ছিল অসম্ভব। জলধর এই সুযোগের ব্যবহার করে বহু নারীর সঙ্গে সঙ্গম করেন। ইন্দ্র তখন নিজে জলধরের বেশ ধরে বৃন্দার সঙ্গে মিলিত হলে বৃন্দার সতীত্ব ক্ষুন্ন হয় এবং জলধরকে হত্যা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য বৃন্দা এই ঘটনার পর চিতায় ঝাঁপ দেন ও ‘তুলসী গাছ’রূপে পরজন্ম লাভ করেন। এইজন্যই তুলসীগাছকে পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়, আজও।

স্বামীর যৌনক্ষমতা না থাকলে কিম্বা তা প্রয়োগে নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা যৌবনাবতী নারীদের বিয়ে করতেন। সেই নারী বা অনাগত সন্তানের কথা ভাবতেন না। বিয়ে ভেঙ্গে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকত না। পুরুষেরা ইচ্ছেমতো বহু স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারত। যেমন দশরথের প্রধান তিন পত্নীর সঙ্গে সঙ্গে ছিল অসংখ্য উপপত্নী। কিন্তু তিনি বেশিরভাগ সময়টাই কাটাতেন কৈকেয়ীর সঙ্গে।

সেইসময় সন্তানের সব দায়িত্ব ছিল মায়ের। ঋষিরা যৌন ইচ্ছা মিটিয়ে আর পেছনে তাকাতেন না। সেই নারী ও আগত সন্তানের কথা বেমালুম ভুলে যেতেন। যেমন রাজা দুষ্মন্ত তাঁর প্রাণেশ্বরী শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন।

কালিকা পুরাণের ৮৮তম অধ্যায়ে বলা হয়েছে দাসীপুত্রকে রাজ্যে অভিষেক করা যাবে না। এই প্রসঙ্গে বিদুরের কথা ও জন্মবৃত্তান্ত আমরা সবাই জানি।

শুধুমাত্র রাজ সিংহাসনে নয় শ্রাদ্ধশান্তির মতো বেদবিহিত কাজেও তাঁর কোনো অধিকার থাকবে না। অন্যান্য সকল পুত্রের মধ্যেই দাসীপুত্রই একমাত্র অধম বলে পরিগণিত হবে।

কালিকা পুরাণ দুর্গা, চন্ডী অন্যান্য মাতৃশক্তির প্রশংসায় পঞ্চমুখ। অথচ রচয়িতার মুখে নারীবিদ্বেষী কথার কমতি নেই একটুও। বিষয়টা বেশ আশ্চর্যের, তাই না?

এর কারণ হিসেবে পুরাণ গবেষকেরা মনে করেন, সেই সময় সমাজ ছিল ভয়ঙ্করভাবে পিতৃতান্ত্রিক। আর তাতে যে নারীরা দলিত হবে এটাই তো স্বাভাবিক। তাই তো দেবী বন্দনার পাশাপাশি তৎকালীন সমাজের আসলরূপ দেখিয়েছেন রচয়িতা। বলা হয়, স্ত্রীদের যদি স্বতন্ত্র কাজ করার ক্ষমতা দেওয়া হয় তবে ভীষণ অনিষ্টের সম্ভাবনা। তাই তাঁদের ক্ষমতা দেওয়ার প্রশ্নই ওঠে না। ​

মহাকাব্যের নারীদের চরিত্র পর্যালোচনা করলে দেখা যায়, প্রধান কিছু চরিত্র অন্যরকম হলেও সাধারণের তেমন কোনো পার্থক্য ছিল না। রামায়ণে দেখা যায় সীতা শেষ পর্যন্ত স্বামীর অনুগত ছিলেন, শুধুমাত্র পতিব্রতা বলে নয়, রামের প্রতি তাঁর ভালোবাসা ছিল তীব্র, তাই তিনি স্বেচ্ছায় বনবাসে যান। আবার ঊর্মিলার হয়ত মানসিক দৃঢ়তা ততটা ছিল না, তাই ইচ্ছে থাকলেই স্বামী লক্ষণের সঙ্গে বনগমন করতে পারেনি। আবার কৈকেয়ীর চরিত্রই দেখুন, কীভাবে ছলে বলে কৌশলে দশরথকে পূর্ব প্রতিজ্ঞার কথা মনে করিয়ে নিজের কার্যসিদ্ধি করলেন। মন্দোদরী বারবার স্বামী রাবণের কাজের নিন্দায় মুখর থেকেছেন, অন্যদিকে প্রমীলা ইন্দজিতের মৃত্যুর পর সহমরণে গেলেও মন্দোদরী যান না। দশরথের মৃত্যুর পর তাঁর স্ত্রীরাও সতী হন না। এইসব উদাহরণগুলো থেকে পরিস্কার বোঝা যায় নারীরা কিছু ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনচেতা ছিলেন।

মহাভারতেও এমন স্বাধীনচেতা নারীর দেখা মেলে। এখানে নারীদের সোমরস পান করতে দেখা যায়। চলাফেরা, সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের কোনো বাধানিষেধ ছিল না। সত্যবতীর কথা আমরা সবাই জানি। কীভাবে তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়েছিলেন হস্তিনাপুরের রাজনৈতিক ইতিহাসে। ভীষ্মের মতো প্রবীণ বিচক্ষণ মানুষকেও তিনি নির্দিদ্ধায় পরামর্শ দিয়ে থাকতেন। সয়ম্ভরসভায় দ্রৌপদীকে প্রতিবাদ করতে দেখা যায়। কিন্তু এসবই ছিল প্রধান কিছু চরিত্রের বৈশিষ্ট্য।

আসলে নারীদের অবস্থান নিয়ে পরিস্কার মনোভাব কোথাও ছিল বলে মনে হয় না। অনেক জায়গায় নারীকে সতী হিসেবে প্রশংসা করা হয়েছে, আবার অনেক জায়গায় বলা হয়েছে নারীরা যদি গৃহকর্মে নিপুণ হতেন, তবেই তাঁদের পুণ্যলাভ হত। অনেক জায়গায় নারীকে অন্তঃপুরে ঘোমটা ঢেকে থাকতে হত, বিয়ের পর দীর্ঘদিন পিতার কাছে থাকলে নারীরা নিন্দনীয় হত। কিশোরী বয়সেই বিয়ে করা বাধ্যতামূলক ছিল, তাছাড়া সাধারণ রমণীরা সেভাবে শিক্ষার অধিকার পেত না। অর্থের জন্য পিতা বা স্বামী স্ত্রী, কন্যাকে গণিকাবৃত্তিতে বাধ্য করত বলেও উদাহরণ পাওয়া যায়।

মনে করা হয় যে মহাকাব্যের যুগের নারীদের কাছে প্রত্যাশা ছিল যে তাঁরা হবেন সুন্দরী, স্বাস্থ্যবতী ও গৃহকর্মনিপূণা। তাঁরা স্বামীর জন্য ত্যাগ স্বীকার করবে, পরিশ্রম করবে, সন্তানের জন্ম দেবে। যদিও আসল দাবীই থাকত পুত্রসন্তানের। থাকবে না তাঁদের মন ও ব্যক্তিত্ত্ব, বরং এরা বার বার স্বামীর বঞ্চনা ও সন্দেহের শিকার হয়েই থেকে যাবে। আর তখনই শুরু হবে নির্যাতন, যেমন এখনও হয়।

পুরাণে ধর্ষিতা নারীর সংখ্যা অনেক, তবে ধর্ষিতা না হয়েও চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন যিনি তাঁর নাম দৌপদী, পাঞ্চালকন্যা। ভরা রাজসভায় তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছিল পাশা খেলায় জেতা বাজি হিসেবে, তাও রজঃস্বলা অবস্থায়। খুলে নেওয়া হয়েছিল কাপড়। এই ঘটনাটি পুরাণ শুধু নয় সমগ্র মহাকাব্যের সবচাইতে লজ্জাজনক, অপমানকর ঘটনা হিসেবে স্থান পেয়েছে। যার ফল আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেখতে পাই। ভীম সেই রাজসভাতেই ঘোষনা করেছিলেন যে হাত দিয়ে দুঃশাসন দৌপদীকে টেনে এনেছিলেন তাঁর সেই হাত উপড়ে ফেলবেন তিনি, আর দ্রৌপদী জানান যতদিন না পর্যন্ত দুঃশাসনের রক্ত দিয়ে চুল ধোবেন ততদিন চুল বাঁধবেন না। দুর্যোধন তাঁর ঊড়ুতে হাত দিয়ে অশ্লীল ভঙ্গি করায় কুরুক্ষেত্রের যুদ্ধে তাঁর ঊড়ু ভেঙে দিয়েছিলেন ভীম।

ভীম মহাকাব্যে এমন এক চরিত্র যিনি বারবার দ্রৌপদীর অপমানের সমুচিত জবাব দিয়েছিলেন। কীচক হত্যা তার একটি উদাহরণ। বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থাকাকালীন ছদ্মবেশী দ্রৌপদীকে হেনস্তা করেছিলেন কীচক, দ্রৌপদী তা ভীমকে জানালে ভীম তাঁকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন।

মহাকাব্যে প্রতিশোধ নেওয়ার ঘটনার কথা যদি বলতে হয় তবে প্রথমে থাকবে অম্বার প্রতিশোধ। নিজের সৎ ভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য মহামতি ভীষ্ম অপহরণ করেছিলেন কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে। কিন্তু হস্তিনাপুরে নিয়ে আসার পর তিনি জানতে পারেন অম্বা শাল্বরাজের বাগদত্তা, তখন তিনি অম্বাকে ফিরিয়ে দেন। কিন্তু শাল্বরাজ পরপুরুষের কাছে থাকার কারণে অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করলে অম্বা ক্ষুব্ধ হন। তিনি ভীষ্মকে হত্যা করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ভীষ্মের ছিল ইচ্ছামৃত্যু, তার ওপর কোনো নারী বা পুরুষের হাতে তাঁর মৃত্যু হবে না এমন আশির্বাদধন্যও ছিলেন তিনি। অম্বা শিবের তপস্যা করে তাঁকে সন্তষ্ট করেন এবং বর পান যেন পরজন্মে তিনি অর্ধনারীশ্বররূপে জন্মগ্রহণ করে ভীষ্মবধের কারণ হবেন।

বাস্তবেও তাই ঘটে, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিজ্ঞা অনুযায়ী ভীষ্ম শিখন্ডীরূপী অম্বাকে দেখে অস্ত্র ত্যাগ করেন এবং সেই মুহূর্তে অর্জুন তাঁকে অজস্র শরবিদ্ধ করেন। মহাকাব্যে এমন প্রতিশোধের ঘটনাও বিরল।

পুরাণের আমল থেকে এই চলছে, এর কোনো শেষ নেই। মেয়েদের সব জায়গায় বাঁধা, একা বাইরে বের হওয়ার ভয়, অশ্লীল অঙ্গভঙ্গি যেকোনো অজুহাতে নারীকে ছুঁয়ে দেওয়ার চেস্টা আজও বিরল হয়ে যায়নি। নারীকে আজও শুধুমাত্র শারীরিক গঠনের কারণে থাকতে হয় আড়ালে, পুরুষের পেছনে। এই শতাব্দীতে দাঁড়িয়ে যা লজ্জাজনক এবং হাস্যকরও।

অতিসম্প্রতি ঘটে যাওয়া হাজার হাজার মহিলাদের ‘রাতদখল’, এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। সেটা কতটা সফল হয়েছে কিম্বা হবে তা সময় বলবে, আমরা শুধু এই কথাটাই মনে রাখি,

‘’ Where ever I go, However I dress,

No means no, yes means Yes’’…

পুরাণের যুগেও তাই ছিল, এখনও তাই আছে এবং থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top